ফুটবলে যেন আর্জেন্টাইনদের কীর্তির কোনো শেষ নেই। এবার ক্রিকেট মাঠেও বিরল এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন এক খেলোয়াড়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা চার বলে ৪টি উইকেট নেওয়ার মধ্য দিয়ে লাসিথ মালিঙ্গা ও রশিদ খানের নামের সঙ্গে নিজের নাম লেখালেন তিনি।
রবিবার (১৫ ডিসেম্বর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে কেইম্যান আইল্যান্ডের বিপক্ষে টানা ৪ বলে উইকেট নেন হেরনান ফেনেল। করেন “ডাবল হ্যাটট্রিকের” নতুন কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ১৯ বছরের ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে এই টানা চার বলে উইকেট পেলেন এই মিডিয়াম পেসার।
কেইম্যান আইল্যান্ডের ইনিংসের ২০তম ওভারের শেষ ৪ বলে ৪টি উইকেট নিয়ে দলকে ১১৬ রানে অলআউট করে দেন ফেনেল। ম্যাচে ৪ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন তিনি। তবে দলকে জেতাতে পারেননি ফেনেল। রান তাড়া করতে নেমে তার দল ১৬.৫ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায়।
উল্লেখ্য, টানা তিন বলে ৩ উইকেটকে ‘‘হ্যাটট্রিক’’ এবং টানা চার বলে ৪ উইকেট নেওয়াকে ক্রিকেটে বলা হয় ‘‘ডাবল হ্যাটট্রিক’’।



