দুর্বার রাজশাহীকে ১৪৯ রানে হারিয়ে বিপিএলের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল ঢাকাই সুপারস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।
রবিবার (১২ জানুয়ারি) টসে হেরে প্রথমে ব্যাট করতে আসে ঢাকা ক্যাপিটালস। ওপেনিং জুটিতে তানজিদ হাসান ও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে রেকর্ড ২৫৪ রান সংগ্রহ করে ঢাকা।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই নড়বড়ে দেখা যায় রাজশাহীর ব্যাটিং লাইনআপ। প্রথম ২ ওভারেই ৪ উইকেট হারিয়ে বসে এনামুল হকের দল। পরে ১৫ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় তারা।
এ জয়ের মধ্য দিয়ে বিপিএলের ১১তম আসরের টানা ৬ ম্যাচ হারের পর প্রথম জয়ের সুবাস পেল শাকিব খানের দল।
আজ বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। সেঞ্চুরি পেয়েছেন তার ওপেনিং পার্টনার তানজিদ হাসান তামিম নিজেও। তাতেই সিলেটে হলো রেকর্ডবুক পুরোপুরি তছনছ হলো আরেকবার। আগে ব্যাট করতে নেমে ৪৪ বলে নিজের ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি তুলে নেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।
মাত্র ৪৪ বলে শতরান তুলে নেওয়ার পথে ৭টি ছক্কা ও ৮টি ৪ হাঁকিয়েছেন তিনি। এরপর সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার তানজিদ হাসান।
ইনিংসের শেষ ওভারে ব্যক্তিগত শতরান তুলে নেন তানজিদ। শতরান তুলতে তিনি বল মোকাবিলা করেন ৬২টি। এসময় তার নামের পাশে ছিল ৭টি ছক্কা ও ৬টি চার।
১৯.৩ ওভারে ২৪১ রানে ভাঙে তাদের জুটি। তবে তার আগেই এই জুটি ভেঙে ফেলে বিপিএলে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৭ সালে ক্রিস গেইল ও ম্যাককালাম জুটির করা ২০১ রান ছিল এই তালিকার শীর্ষে। নামের পাশে আরও একটি ছক্কা যোগ করে ৬৪ বলে ১০৮ রানে ফিরে যান তানজিদ।
এদিকে ১০টি চার ও ৯টি ছক্বায় ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন দাস। আর ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় ২৫৪/১।
এর মাধ্যমে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও নিজেদের করে নিলো ঢাকা ক্যাপিটালস। এর আগে এই রেকর্ড ছিল রংপুর রাইডার্সের দখলে। ২০১৯ সালে বিপিএলের ৬ষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৩৯ রান তুলেছিল দলটি।



চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনে লিটনের সেঞ্চুরি