Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

পর পর সিরিজ হারে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরও নিচে নামল বাংলাদেশ

টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে

আপডেট : ৩১ মে ২০২৫, ১২:৪১ পিএম

এমন কিছু যে হবে, তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর পাকিস্তানের কাছেও সিরিজ হেরেছে বাংলাদেশ। ফলাফল স্বরূপ আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৯ থেকে ১০–এ নেমে গেছে বাংলাদেশ।

এর আগে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতেও দশে নেমে যায় বাংলাদেশ। টেস্টেও অবস্থা ভালো নয়, বাংলাদেশ এখন আছে নবম স্থানে।

এদিকে গতকাল লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে টাইগাররা। তবে এদিনও ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারতে হয় তাদের।

টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০-এ দাঁড়িয়েছে। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই রয়েছে আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দলটির রেটিং ২৭১ পয়েন্ট। ২৬২ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এছাড়াও শীর্ষ পাঁচে আছে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান আছে আগের মতোই আটে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট এখন ২২৯।

এর আগে বাংলাদেশ চমকে দিয়ে সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে। ৪ রেটিং পয়েন্ট বেড়েছে দলটির পয়েন্ট এখন ১৮৩।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ চারে ওঠেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলকে। সেই সিরিজের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপরে ছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

   

About

Popular Links

x