Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের নারীরা

প্রথমবারের মতো দেশের নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে খেলবে

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম

ইতিহাস গড়ে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারীরা। প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। ২০২৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এই আসর।

বুধবার (২ জুলাই) ইয়াংগুনে বাংলাদেশ ২-১ গোলে হারায় মিয়ানমারকে। স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন-তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করেছে। এতে সি গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।

গ্রুপে চারটি দলেরই দুটি ম্যাচ খেলা হয়েছে। বাংলাদেশ ২ ম্যাচে ৬, মিয়ানমার ৩, বাহরাইন ও তুর্কমেনিস্তান ১ পয়েন্ট করে পেয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের কাছে হারে, তাতেও সমস্যা নেই। মিয়ানমার জিতলেও হেড টু হেডে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। তবে এখন এত কিছুর হিসাব-নিকাশ আর দরকার পড়ছে না। আজ রাতেই বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেলো।

মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ আগেই মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল। নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে দিনের পরের ম্যাচে তুর্কমেনিস্তান ও বাহরাইন ২-২ গোলে ড্র করায় বাংলাদেশকে আর অপেক্ষা করতে হয়নি।

আজ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে প্রথমবারের মতো হারিয়ে বাংলাদেশ এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে। ২০২৬ সালে বাংলাদেশের নারীরা খেলবে প্রথম নারী এশিয়ান কাপে।

৫ জুলাই বাংলাদেশ-তুর্কমেনিস্তান গ্রুপের শেষ ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতার। ঐ ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়ান কাপ খেলায় কোনো বাধা থাকবে না। যদিও কোচ পিটার বাটলার ও তার দল শেষ ম্যাচ জিতেই চূড়ান্ত উৎসব করার পক্ষপাতী।

১৯৮০ সালে প্রথম বাংলাদেশের পুরুষ দল এশিয়ান কাপে খেলেছিল। ৪৫ বছর পর মনিকা-রুপনারা দাপট দেখিয়ে সেই পথ প্রথমবারের মতো অনুসরণ করলো।

   

About

Popular Links

x