Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাত্র ১৫ বলেই ইতিহাস, দ্রুততম ৫ উইকেটের কীর্তি স্টার্কের

শততম টেস্টে দুর্দান্ত বোলিং করে ৭০ বছরের রেকর্ড ভাঙলেন অজি পেসার

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০২:৩৮ পিএম

জ্যামাইকার স্যাবাইনা পার্কে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রোমাঞ্চকর এক দিন উপহার দিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে মাত্র ১৫ বলে ৫ উইকেট নিয়ে গড়লেন টেস্ট ইতিহাসের দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ড।

অজি পেসারের বিধ্বংসী স্পেলে মাত্র ২৭ রানে গুঁড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের ৭০ বছরের ইতিহাসে এটি তাদের সর্বনিম্ন ইনিংস এবং সামগ্রিকভাবে দ্বিতীয় সর্বনিম্ন।

শততম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে স্টার্ক ছিলেন নিস্তেজ। তবে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী ওভারেই বাজিমাত করেন। প্রথম বলেই জন ক্যাম্পবেলকে আউট করে ক্যারিয়ারের চতুর্থবারের মতো ইনিংসের প্রথম ডেলিভারিতে উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে এলবিডাব্লিউ করেন অভিষিক্ত কেভলন অ্যান্ডারসন ও বোল্ড করেন ব্র্যান্ডন কিংকে। ফলে শূন্য রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, যা টেস্ট ইতিহাসে মাত্র ষষ্ঠবার ঘটল।

স্টার্ক পরের ওভারে এলবিডাব্লিউ করেন মিকাইল লুইসকে। এই উইকেটেই তিনি শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়নের পর চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছান। দুই বল পরেই শাই হোপকে আউট করে মাত্র ১৫ বলেই পূর্ণ করেন পাঁচ উইকেট।

এখন পর্যন্ত আর্নি টশ্যাক, স্টুয়ার্ট ব্রড ও স্কট বোল্যান্ডের যৌথ দ্রুততম ৫ উইকেটের রেকর্ড ছিল ১৯ বলে। স্টার্ক তাদের চেয়ে চার বল কম খরচায় গড়লেন এই অনন্য রেকর্ড, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

   

About

Popular Links

x