ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পরও সূচি নিশ্চিত করা যায়নি। অবশেষে আজ শনিবার (২৬ জুলাই) বিকেলের দিকে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে লেখেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘‘আমি সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ২০২৫ এশিয়া কাপের সূচি চূড়ান্ত করার খবর নিশ্চিত করছি। মর্যাদার এই টুর্নামেন্ট ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা দৃষ্টিনন্দন ক্রিকেট দেখার জন্য অপেক্ষায় আছি।” এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে নাকভি প্রকাশ করেন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি।
এ বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টে- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
আটটি দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। সেখানে ‘‘বি” গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিদ্বন্দ্বীরা হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে একই গ্রুপে ভারত-পাকিস্তান, ‘‘এ’’ গ্রুপে তাদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

প্রত্যেক দল গ্রুপ পর্বে মোট ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ সফর শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বের সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এর আগে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ।
ভারত তাদের এশিয়া কাপ শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তাছাড়া ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।




