ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ইতোমধ্যে এই ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) রাতে মিরপুর ১ নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।
থানা সূত্র বলছে, বাদীর সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।
অভিযোগের বিষয়ে তাসকিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও কল করা হয়েছিল, কিন্তু কোনো উত্তর মেলেনি। এমনকি তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।
এ নিয়ে বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে বলেন, “মিডিয়াতে সংবাদটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছেন। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কী হয়েছে সেটা আগে বের হোক।”
তাসকিন গত ২৪ জুলাই শেষ হওয়া বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টিতে খেলেছেন। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের ঘটনায় শিরোনামে এই ক্রিকেটার।



