আন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ব্রাউজিং সাইট ক্রোম। ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন কিছু সুবিধা আনতে যাচ্ছে গুগল ক্রোম।
ব্যবহারকারীরা তাদের সুবিধার্থে ক্রোম ব্রাউজার ব্যবহারের মাধ্যমে অনলাইন সভা, ক্লাস বা ভিডিও কনফারেন্সের মতো কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অন্যকে বোঝানোর স্বার্থে তারা নিজেদের ফোন বা কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে থাকেন। এর ফলে যেকোনো বিষয় অন্যদের খুব সহজেই বোঝানো যায়। তাই অনেকে নিয়মিত বিভিন্ন অ্যাপ, সফটওয়্যার বা ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে নিজেদের ফোন বা কম্পিউটারের পর্দা দূরে থাকা অন্যদের দেখিয়ে থাকেন। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিরাপত্তাঝুঁকিতে পড়ে। এ সমস্যা সমাধানে নতুন নিরাপত্তা সুবিধা আনতে কাজ করছে গুগল ক্রোম।
নতুন এ ফিচারে, ব্যবহারকারীরা স্ক্রিন শেয়ারের সময় তাদের ব্যক্তিগত তথ্য যেমন- ক্রেডিট কার্ড, পাসওয়ার্ড অন্যদের দেখাবে না ক্রোম ব্রাউজার। ফলে ব্যবহারকারীর ভুলবশত কোনো তথ্য দেখা গেলেও অন্যরা তা জানতে পারবেন না।
ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ সুবিধা চালুর জন্য ক্রোম ব্রাউজারে পরীক্ষামূলকভাবে একটি পতাকা আইকন যুক্ত করা হবে। আইকনটিতে ক্লিক করলেই স্ক্রিন শেয়ারের সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত বিভিন্ন তথ্য গোপন রাখবে ক্রোম ব্রাউজার। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা এ সুবিধা আগামী মাসের মধ্যে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হতে পারে।



