প্রায় সব ধরনের ভিডিও দেখা যায় ইউটিউবে। তবে কখনো কখনো ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় অনেকের। এ সমস্যা সমাধানেই ইউটিউব আনতে যাচ্ছে নতুন “প্লে সামথিং” বাটন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্লে সামথিং বাটনটির কার্যকারিতা পরীক্ষা করছে ইউটিউব। শিগগিরই ইউটিউব অ্যাপের নেভিগেশন বারের ঠিক ওপরে বাটনটি দেখা যেতে পারে।
বাটনটিতে ক্লিক করলেই ইউটিউব শর্টস প্লেয়ারে বিভিন্ন বিষয়ের ভিডিও চালু হবে। ভিডিওগুলো চাইলে পোর্ট্রেট মোডেও দেখতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি, স্ক্রিনের নিচে সময়ের বার থেকে ভিডিওর নির্দিষ্ট অংশও দেখা যাবে।
মিনি ভিডিও প্লেয়ারটি চালু হলে “প্লে সামথিং” বাটনটি অদৃশ্য হয়ে যাবে। বাটনটি ভাসমান হওয়ার বিষয়টি আকর্ষণীয়। পাশাপাশি, বাটনটি এ অ্যাপের মূল কাজ, মানুষকে কনটেন্ট দেখানো শুরু করতে দেয়। এটি নির্দিষ্ট ব্যবহারকারীর কী ধরনের ভিডিও পছন্দ সেটিও বিবেচনা করবে।
গত বছর থেকে ফিচারটির পরীক্ষা করছে ইউটিউব। আর “প্লে সামথিং” বাটন, সম্প্রতিক প্রতিবেদন অনুসারে অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব অ্যাপের ১৯.৫০ সংস্করণের জন্য চালু হতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে নাইনটুফাইভের গুগল।



