Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

চীনে স্কুলের অনুষ্ঠানে নাচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রোবট

একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের দিকে লক্ষ্যহীনভাবে কুংফু স্টাইলে হাত-পা ছুড়তে থাকে  

আপডেট : ০৭ মে ২০২৬, ১২:২৬ পিএম

চীনের জিনজিয়াং প্রদেশের একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানের একপর্যায়ে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী পোশাক পরে মাঠে শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও সমন্বিত নাচ। এই নাচে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় একটি হিউম্যানয়েড (মানুষের মতো দেখতে) রোবট। 

গত মঙ্গলবার (৫ মে) এনডিটিভি’র এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। 

ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের শুরুতে রোবটটি নাচের বিভিন্ন স্টেপ এবং মার্শাল আর্ট প্রদর্শন করছে। এতে উপস্থিত দর্শকরা বেশ মুগ্ধ হয়েছিল।

তবে পরিস্থিতি বদলে যায়, যখন একদল শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে নাচার জন্য রোবটটি মাঠে প্রবেশ করে। রোবটটি সম্ভবত একসঙ্গে অনেক মানুষকে দেখে বিভ্রান্ত হয়ে পড়ে।  

প্রতিবেদন থেকে আরও জানা যায়, পারফরম্যান্স শুরুর কয়েক সেকেন্ড পর রোবটটি ভিড়ের মধ্যে প্রথমে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপরই অদ্ভুত আচরণ শুরু করে। কাছাকাছি থাকা শিক্ষার্থীদের দিকে লক্ষ্যহীনভাবে কুংফু স্টাইলে হাত-পা ছুড়তে থাকে। রোবটটির এমন মারমুখী রূপ দেখে আনন্দ করতে আসা সবাই আতঙ্কিত হয়ে পিছিয়ে যায়। 

রোবটটির এমন আচরণে শিক্ষার্থীরাও হতভম্ব হয়ে যায় এবং সতর্কভাবে দূরে সরে দাঁড়ায়। মাঠে উপস্থিতদের মধ্যে উদ্বেগ তৈরি হয়, কারণ রোবটটি অনিয়ন্ত্রিতভাবে নড়াচড়া করতে থাকে। 

শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোবটটির পরিচালকদের একজন দৌড়ে মাঠে ঢুকে সেটিকে দুহাতে চেপে ধরে আটকায় এবং পরে মাঠের বাইরে নিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

   

About

Popular Links

x