মন্ত্রণালয় কর্তৃক বেঁধে দেওয়া আলু, ডিম ও পেঁয়াজের দাম কার্যকর করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, “আমরা যে টার্গেট নির্ধারণ করেছিলাম তা অ্যাচিভ করা যায়নি। তারপরেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া পণ্যের দাম কার্যকর করা যায়।”
শুক্রবার (৬ অক্টোবর) বিকালে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর ধাপসাগর পাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমদানি ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে ১০% রপ্তানি আয়ও বেড়েছে। তবে গত মাসে রেমিট্যান্স কম আসায় একটু সমস্যা হচ্ছে।”
এ সময় মন্ত্রীর নির্বাচনী এলাকা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এরপর তিনি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করার জন্য রংপুর নগরীর বাসা ত্যাগ করেন।



