অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে কক্সবাজারের ইনানী-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী দুই জাহাজকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অভিযান পরিচালনা করে “এমভি বার আউলিয়া” ও “এমভি কর্ণফুলী” জাহাজকে এই জরিমানা করেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।
জানা গেছে, বারো আউলিয়া জাহাজ ধারণক্ষমতার অতিরিক্ত ২৫০ যাত্রী এবং কর্ণফুলী জাহাজ ধারণক্ষমতার অতিরিক্ত ১০০ যাত্রী পরিবহন করছিল। একই সঙ্গে বারো আউলিয়া জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যটকদের হয়রানি করার অভিযোগ ছিল।
কর্ণফুলী জাহাজের কক্সবাজারের ইনচার্জ ও জাহাজ মালিক সমিতির নেতা হোসাইন ইসলাম বাহাদুর ঢাকা ট্রিবিউনকে বলেন, “বারো আউলিয়া জাহাজের ধারণক্ষমতা ৮৫০ জন, যেখানে যাত্রী ছিল ১,০৭০ জন। কর্ণফুলী জাহাজের ধারণক্ষমতা ৭৫০ জন, যেখানে যাত্রী ছিল ৮৫০ জন।”
সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ বলেন, “অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে এমভি বার আউলিয়াকে ৮০ হাজার টাকা এবং এমভি কর্ণফুলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।”
হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “এখন পর্যটন মৌসুম এবং পর্যটকের চাপ রয়েছে। এতে অতিরিক্ত পর্যটক সেন্টমার্টিনে যেতে আগ্রহী। ফলে কিছু অতিরিক্ত টিকিট বিক্রি করে দিয়েছে সংশ্লিষ্ট কাউন্টারগুলো। এটা না করতে সতর্ক করা হয়েছে।”
উল্লেখ্য, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির কারণে ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী সকল জাহাজ বন্ধ রাখার নির্দেশনা দেয় প্রশাসন। ওই নৌ-রুটে সাতটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছিল।



