Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কারাগার থেকে ওসমানী মেডিকেলে এম এ মান্নান

চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার শারীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যা বেশি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে সিলেট কেন্ত্রীয় কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। তিনি বলেন, “এম এ মান্নানকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি ডিভিশনপ্রাপ্ত হওয়ায় হাসপাতালেও ডিভিশন পেয়েছেন।”

এম এ মান্নান এর আগে সিলেট কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা ভালো থাকলেও কারাবন্দি থাকায় “ডিপ্রেশনে” ছিলেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে কারা হাসপাতালের চিকিৎসকরা সেখানে তাকে চিকিৎসাসেবা দেন।

কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে থাকা অবস্থায় ৫ অক্টোবর অসুস্থ বোধ করেন এম এ মান্নান। পরে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা দেখে তার উন্নত চিকিৎসার জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এম এ মান্নান বয়স্ক মানুষ। তার নানান শারীরিক জটিলতা আছে। বহুদিন ধরে বুকে ও পেটে ব্যথার ওষুধ সেবন করেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার শারীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যা বেশি। তাই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। এছাড়া এখানে বক্ষব্যাধির কোনো বিশেষজ্ঞ নেই। তাই সিলেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

সুনামগঞ্জ কারাগারের জেলার হুমায়ুন কবীর বলেন, “আমরা তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরামর্শ দেন সিলেটে নেওয়ার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিলেটে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x