Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ-গুলি

একজন সামান্য অ্যাসিডদগ্ধসহ ৫ পুলিশ সদস্য আহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৬ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ধর্মীয় সংগঠন নিয়ে দেওয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে একজন সামান্য অ্যাসিডদগ্ধ হয়েছেন। এছাড়া ইট-পাথরের আঘাতে আহত হন আরও ৫ জন।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গেলে একপর্যায়ে তাদের ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত  এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি ফটোকার্ড নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন ওসমান গণি নামের এক দোকান মালিক। হাজারী গলির মিয়া শপিং সেন্টারে তার দোকান রয়েছে। ফটোকার্ডটিতে একটি ধর্মীয় সংগঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, “হাজারী গলির ওসমান গণি নামে এক ব্যবসায়ী একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন। পোস্টটি ইসকন সম্পৃক্ত। যা নিয়ে কিছু লোকজন সংক্ষুব্ধ ছিল। ওই ব্যবসায়ীকে আক্রমণ করার চেষ্টা করা হলে পুলিশ গিয়ে আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। একপর্যায়ে যারা আক্রমণ করতে উদ্যত হয়েছিল তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তাদের আক্রমণে আমাদের ৬ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজন এসিড আক্রান্ত আছেন। ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”

তিনি বলেন, “যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে আটকের জন্য অভিযান চলছে। আর যে ব্যবসায়ীকে আক্রমণের চেষ্টা চালিয়েছিল তাকে উদ্ধার করা হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কিসের প্রেক্ষিতে কি হলো—পুরো বিষয়টি তদন্ত করে এবং যারা এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী তাদের সম্পৃক্ততা নিশ্চিত করে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

   

About

Popular Links

x