বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভের সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আদালত এলাকায় হামলা ও ভাঙচুরের সময় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, শ্রীবাস দাশ, শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক।
নিহত সাইফুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।
বিক্ষোভকারীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৬ষ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা জামিন আবেদন জানান। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিচারক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যখন তাকে কারাগারে নেওয়ার চেষ্টা করা হয় তখন তার শত শত অনুসারী প্রিজনভ্যানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের অনেকেই প্রিজনভ্যানের সমানে শুয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। বিকেল ৩টার দিকে পুলিশ অ্যাকশনে গেলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাটিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
বিক্ষোভকারীরা আদালত চত্বরের বাইরে এসে নগরীর লালদিঘী, জেলা পরিষদ ও কোতোয়ালী মোড় এলাকায় সমবেত হয়ে পুলিশের ওপর ইট নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি'র একাধিক টিম ঘটনাস্থলে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রামে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম আনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়।



