Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগামী তিন মাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

যানজট এড়াতে আগামী ৩ মাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:১০ পিএম

এমআরটি-৫ (নর্দান রুট) লাইনের কাজের জন্য আজ রবিবার থেকে আগামী তিন মাস রাজধানী ঢাকার গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক (সিভিল, আন্ডারগ্রাউন্ড) ড. মো. মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

ড. মো. মশিউর রহমান বলেন, “প্রজেক্টের খোঁড়াখুঁড়ির কাজের জন্য গুলশান-২ এলাকায় যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা এই পথে চলাচলকারী যাত্রীদের অনুরোধ জানিয়েছি, যেন তারা গুলশান-২ এলাকা এড়িয়ে চলেন। আগামী তিন মাসের মতো এই এলাকায় কাজ চলবে। ফলে এই সময়টুকু এই জায়গা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। আজকে থেকেই এটি শুরু হলো।”

এর আগে ২৩ জানুয়ারি ডিএমটিসিএল প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খান সই করা বিজ্ঞপ্তিতেও একই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এই প্রকল্পের প্রস্তাবিত রুট গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় আগামী ২৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলছে।

এ সময় গুলশান-২ মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ কারণে জনসাধারণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

সাময়িক অসুবিধার কারণে বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x