Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছুটি নিয়েও অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে যাওয়া হলো না পুলিশ সদস্য রনির

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচার বুধবার, সেজন্য নিয়েছিলেন ছুটি

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন রনি শিকদার (২৬) নামের ওই পুলিশ সদস্য।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রনি শিকদার টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মহানগর পুলিশের সদর সার্কেলের সহকারী উপকমিশনার দ্বীন এ আলমের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। বুধবার রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার করার কথা। এজন্য ছুটি নিয়ে টাঙ্গাইলে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার পথে কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোরিকশা উল্টো পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ সদস্য।

খবর পেয়ে তার লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন সাংবাদিকদের বলেন, “নিহত পুলিশ সদস্যর লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x