Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মানবিক করিডোর নিরাপত্তা ঝুঁকি বাড়াবে?

‘মিয়ানমার ও আরাকান আর্মির সম্মতির ভিত্তিতে না হলে মানবিক করিডোর বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে’

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:১২ পিএম

জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ রাখাইনে শর্তসাপেক্ষে “মানবিক করিডোর” দিতে সম্মত হয়েছে- বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিশ্লেষকদের একাংশ মনে করেন, করিডোর বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে।

সাবেক রাষ্ট্রদূত এবং মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাশে মেজর জেনারেল (অব.) এম শহীদুল হক মনে করেন, মিয়ানমার ও আরাকান আর্মির সম্মতির ভিত্তিতে না হলে মানবিক করিডোর বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে।

রবিবার (২৮ এপ্রিল) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাখাইনে মানবিক করিডোর সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এতটুকু আপনাদের বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত। কারণ, এটি একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ (মানবিক সহায়তা সরবরাহের পথ) হবে। কিন্তু আমাদের কিছু শর্তাবলী রয়েছে, সেই বিস্তারিততে যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয়, আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করবো।”

কিন্তু শর্তগুলো যেমন পররাষ্ট্র উপদেষ্টা খুলে বলেননি, তেমনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সেখানকার দায়িত্বশীল কেউও আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রাহমান বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা মানবিক করিডোরের ব্যাপারে যা বলেছেন, সে ব্যাপারে বিস্তারিত জানাতে এখনও আমাদের পজিশন পেপার তৈরি হয়নি। সেটা হলে আমরা বিস্তারিত জানাতে পারবো।”

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানান, মোট তিনটি শর্তে জাতিসংঘের প্রস্তাবে রাখাইনে মানবিক করিডোর দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ।

প্রথমত, রাখাইনের যেখানে খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা দেওয়া হবে, সেই জায়গায় যেন সহায়ক পরিবেশ থাকে। সেখানে যুদ্ধাবস্থা বা সংঘাতময় পরিবেশ থাকলে চলবে না। যুদ্ধবিরতি হতে পারে বা বিবাদমান পক্ষগুলো একটি সমঝোতায় পৌঁছাতে পারে। সেটা মিয়ানমার জান্তা ও আরাকান আর্মির মধ্যে হতে পারে। অথবা, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতির মাধ্যমেও নিশ্চিত হতে পারে।

দ্বিতীয়ত, মানবিক সহায়তা দেওয়ায় কোনো বৈষম্য করা যাবে না। রাখাইনে রোহিঙ্গা আছে, আরকানিজ আছে- যাদের প্রয়োজন, সবাইকে দিতে হবে।

তৃতীয়ত, মানবিক সহায়তা হতে হবে শর্তহীন। সহায়তা পেতে কাউকে কোনো শর্তের অধীন করা যাবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের কাছে এই শর্তগুলো বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছে। বাংলাদেশ চাইছে, রাখাইনে যুদ্ধ বন্ধে যেন আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ সৃষ্টি করা হয়। তাহলে সেখানে মানবিক সহায়তার জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে।

করিডোরটা কোন সীমান্ত দিয়ে হবে তা এখনো নিশ্চিত নয়। তবে ঘুমধুম সীমন্ত দিয়ে এটা সহজ হতে পারে।

আরাকান আর্মি এবং মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে সংঘর্ষে রাখাইনের ৮০% এখন আরাকান আর্মির দখলে। রাখাইনে এখন কোনো ধরনের খাদ্য বা ওষুধ ঢুকতে দিচ্ছে না মিয়ানমার। ফলে রাখাইনে এখন ব্যাপক খাদ্য সংকট ও দুর্ভিক্ষাবস্থা চলছে। যদি এই সংকট আরও বাড়ে, তাহলে আরাকানিদের সদলবলে বাংলাদেশে প্রবেশের আশঙ্কা আছে।

গত কয়েকমাসে বাংলাদেশে নতুন করে এক লাখ ১৩ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। তাদের নিয়ে এখন বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ১৩ হাজার।

গত ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেস। তখন তিনি মানবিক করিডোরের প্রস্তাব দেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়েছে। আর মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন দখলে থাকা আরাকান আর্মিকে জব্দ করতে সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। এ কারণে বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠাতে চায় জাতিসংঘ।

জাতিসংঘ বলছে, রাখাইনে মানবিক সহায়তা না পাঠানো হলে সেখানে থাকা বাকি জনগোষ্ঠীর খাদ্য অনুসন্ধানে প্রতিবেশী দেশে অনুপ্রবেশের আশঙ্কা আছে। আর এবার শুধু রোহিঙ্গারাই নয়, রাখাইনের বাকি জনগোষ্ঠীরও প্রবেশের শঙ্কা রয়েছে।

তবে বিশ্লেষকরা বলছেন, করিডোরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করা হলেও এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। যেখানে আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার, সেখানে বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে, তা রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে, নাকি আরাকান আর্মি সেগুলো দখলে নেবে- তার নিশ্চয়তা বাংলাদেশ পাবে?

রোহিঙ্গা এবং অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির বলেন, “আরাকান আর্মি একটি সশস্ত্র গোষ্ঠী। তাদের বিরুদ্ধে আছে মিয়ানমার সামরিক জান্তা। এখন প্রশ্ন হলো, সমঝোতা কীভাবে হবে? করিডোরের অনুমতি কারা দেবে, সামরিক জান্তা, না আরাকান আর্মি? ফলে একটি ঝুঁকি রয়েছে।”

তিনি বলেন, “এখন দেখার বিষয় জাতিসংঘ এটাকে কীভাবে ডিল করে, তারা কোন কোন পক্ষের সঙ্গে কথা বলে। কিন্তু সেই সমঝোতায় বাংলাদেশকে অবশ্যই রাখতে হবে। এখানে নিরাপত্তার একটি বড় প্রশ্ন রয়ে গেছে। রাখাইনের প্রায় সব এলাকাই এখন আরাকান আর্মির দখলে। তারা তো আবার রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। অন্যদিকে মিয়ানমার জান্তা, তারাও আক্রমণ করছে। সব মিলিয়ে তো একটা নিরাপদ এলাকা লাগবে মানবিক করিডোর ও মানবিক সহায়তা বিতরণের জন্য। সেটা জাতিসংঘের তত্ত্বাবধানে হলেও সহায়তা তো আগে বাংলাদেশে ল্যান্ড করবে, তারপর রাখাইনে যাবে।”

অন্যদিকে রোহিঙ্গা বিষয়ক গবেষক রেজাউর রহমান লেনিন বলেন, “একটি যুদ্ধবিধ্বস্ত, রাষ্ট্র যেখানে যুদ্ধের কোনো বিরতি নাই, সেখানে হিউম্যানিটারিয়ান করিডোর করতে গেলে পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে। অংশীজনদের অংশগ্রহণ থাকতে হবে। মালিকানা থাকতে হবে। তাদের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। স্বচ্ছতা থাকতে হবে। আর মানবিক মর্যাদাসম্পন্ন একটা ব্যবস্থাপনা লাগবে।”

সাবেক রাষ্ট্রদূত এবং মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাশে মেজর জেনারেল (অব.) এম শহীদুল হক বলেন, “এখন কিন্তু রাখাইনে জাতিসংঘের কোনো ব্যবস্থাপনা বা তাদের উপস্থিতি নাই। তাদের কোনো লজিজিস্টিক সাপোর্ট নাই। সেখানে অনেক স্টাফ লাগবে, নিরাপত্তা লাগবে। এখন জাতিসংঘকে সেই কাজ শুরু করতে তো দুই পক্ষের সম্মতি লাগবে।”

তিনি বলেন, “শুধু আরাকান আর্মির সঙ্গে সমঝোতা করে এটা করা যায়। সেটা করলে মিয়ানমার সামরিক জান্তা যদি তখন আকাশপথে হামলা চালায়? তাদের এয়ারফোর্স খুবই শক্তিশালী। তখন তো বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হবে।”

তার কথা, “মিয়ানমার ও আরাকান আর্মির একমত হতে হবে। তা-না হলে মানবিক করিডোর অবশ্যই বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকির হবে। প্রথমে তো আমি চ্যানেলের কথা শুনেছিলাম। বাংলাদেশ সরকারও কিন্তু আগে করিডোরের জন্য রাজি হয়নি। এখন তো করিডোরের কথা শুনছি।”

   

About

Popular Links

x