Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ম্যাচে ৩৯৯০ রান করেছেন তিনি

আপডেট : ০২ জুন ২০২৫, ০১:১৭ পিএম

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিস্ফোরক সব ইনিংসের জন্য পরিচিতি পাওয়া এই তারকা।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দিচ্ছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ছেড়ে তিনি বিগ ব্যাশ ও টি-টোয়েন্টির দিকে মনোযোগ দেবেন।

উল্লেখ্য, ২০১২ সালে ২৩ বছর বয়েসে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। অবসর নেওয়া প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘‘আমি মনে করি একদম শুরুতে আমাকে সময়ের আগে এবং অপ্রত্যাশিতভাবে বেছে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারাটাই আমার জন্য গর্বের ছিল। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যাবে।’’

তিনি আরও বলেন, “তারপর থেকে, বাদ পড়া, আবার ফিরে আসা, কয়েকটি বিশ্বকাপে খেলা এবং কিছু দুর্দান্ত দলের অংশ হওয়ার মতো উত্থান-পতনের মধ্য দিয়ে আমি যেতে পেরেছি। আমার মনে হচ্ছিলো, কন্ডিশনের সঙ্গে আমার শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল, তাতে আমি যেন দলের সঙ্গে একটু প্রতারণা করছিলাম। আমি (নির্বাচকদের চেয়ারম্যান) জর্জ বেইলির সঙ্গে ভালো করে কথা বললাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা কী।”

জাতীয় দলের হয়ে ১৪৯ ওয়ানডে খেলে ৩৩.৮১ গড় আর অবিশ্বাস্য ১২৬.৭০ স্ট্রাইকরেটে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার একা ম্যাচ জেতানো ২০১ রানের  ইনিংস অনেকের মতে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা একটি ইনিংস। অফ স্পিনে এই সংস্করণে নিয়েছেন ৭৭ উইকেট। দুর্দান্ত ফিল্ডার হিসেবে নিয়েছেন ৯১টি ক্যাচও।

   

About

Popular Links

x