Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সাবেক সমন্বয়কের বাড়ি থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

এসময় প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম

রাজধানী ঢাকার গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের (রিয়াদ) বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আরেকটি মামলা হবে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে বৈষ্যম্যবিরোধী নেতা রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয়। এ অভিযানে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ২৬ জুলাই শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির সময় রাতে ওই বাসা থেকে রিয়াদসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৭ জুলাই গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া বাকিরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সংগঠনের দুই সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াদ। গ্রেপ্তারের পর সংগঠন থেকে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়। 

   

About

Popular Links

x