Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাসীরুদ্দীন পাটওয়ারী: ইসি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান, সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৪:৪১ পিএম

নির্বাচন কমিশন (ইসি) একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘‘আমরা যতই নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রম পর্যবেক্ষণ করছি, ততই বুঝতে পারছি, এটি একটি ‘মেরুদণ্ডহীন’ প্রতিষ্ঠান।”

রবিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘নির্বাচন কমিশনের কোথায় কোথায় সমস্যা, তা আমরা জনগণের সামনে তুলে ধরছি। ইসি যে মেরুদণ্ডহীন একটি প্রতিষ্ঠান, তা তাদের কাজের মধ্য দিয়ে আস্তে আস্তে প্রকাশ পাবে। আগে ভোট দেওয়ার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। এবার ভোট নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য পাঁয়তারা হচ্ছে। এনসিপি এখনো ইসির দুর্বলতা ও ভুলগুলো তুলে ধরে সংশোধনের সুযোগ দিচ্ছে।”

এনসিপির এই নেতা আরও বলেন, ‘‘নির্বাচন কমিশন দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য একটি প্রতিষ্ঠান। কিন্তু তারা পর্যন্ত পর্যবেক্ষণে দেখেছেন, এই প্রতিষ্ঠানের অধিকাংশ অঙ্গজুড়ে সামরিক উর্দি পরা পোশাকে ও বাকিটুকু রয়েছে দলীয় পোশাকে আবৃত।”

এই ইসির অধীন এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপাতত যে অবস্থায় আছি, সেটা আমরা বলেছি। যে গত ১৫ বছরে ভোট দিতে পারে নাই। এখনো ভোট নেওয়ার সিস্টেম নাই। যদি আমি ভোট নিতেই না পারি, জনগণ যদি আমাকে ভোট দিতে আসে, আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয়, ভোট নেওয়ার জন্য, তো সেখানে যখন আমি বুঝব আমাকে ভোট নিতে দেবে না, সেখানে গত ১৫ বছরে তো অনেকে ভোটে অংশগ্রহণ করে নাই। যদি আমাকে ভোট না দিতে দেয় তারা, তাহলে আমি কেন অংশগ্রহণ করব? কিন্তু এই প্রক্রিয়াটা এখনো অ্যান্ডিং প্রসেসে আসে নাই।’’

ইসিকে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘নির্বাচন কমিশন যদি সামরিক উর্দি পরে, দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে ফাইনালি হয়তোবা এ সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব।’’

   

About

Popular Links

x