রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) আওতাধীন বগাখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক মন চন্দ্র চাকমার বাড়ি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকায়। তিনি চন্দ্র হানশু চাকমার ছেলে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় বগাখালীসহ পার্শ্ববর্তী বাজারগুলোতে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে।
তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। জনসমাগমপূর্ণ হাটবাজারকে কেন্দ্র করে অনেক সময় অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে।”
আটক ভারতীয় নাগরিককে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গামাটির জুড়াছড়ি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।



