Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাকসু নির্বাচন নিয়ে ৩ দাবিতে ৪ ছাত্রসংগঠনের গণ-অনশন

ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তরসহ ৩ দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দফা দাবিতে আমরণ গণ-অনশনে বসেছে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে গণ-অনশন শুরু করেন তারা। এসময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

দাবিগুলো হলো—অবিলম্বে রাকসুর ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর ও ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার পর্যাপ্ত ব্যবস্থা, অনলাইনের বিভিন্ন অপপ্রচারমূলক গ্রুপ ও পেজ বন্ধসহ সাইবার বুলিং রোধে কার্যকর সেল গঠন এবং গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্তদের ভোটাধিকার বাতিল করে ছবিসহ তালিকা প্রণয়ন করতে হবে।

এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “রাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটকেন্দ্র আবাসিক হলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা গণতান্ত্রিক ছাত্রজোট, ছাত্রদল, ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্রসংগঠন শুরু থেকেই এর বিরোধিতা করছি। আমাদের দাবি ভোটকেন্দ্র একাডেমিক ভবনগুলোতে স্থানান্তর করতে হবে।”

তিনি বলেন, “আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র একটি অংশ অবস্থান করে। তা ছাড়া সেখানে পেশিশক্তিনির্ভর সংগঠনগুলোর প্রভাব ও আধিপত্য রয়েছে, যা সুষ্ঠু ভোট গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। কারণ, গণ-অভ্যুত্থানের পরও এই ক্যাম্পাসে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়নি। আমরা প্রশাসনের কাছে বারবার দাবি জানালেও তারা কর্ণপাত করছে না। বরং নিজেদের অবস্থানে অটল রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ এই অনশন অব্যাহত থাকবে।”

ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, “বিশ্ববিদ্যালয়ের ৭০%-এর বেশি শিক্ষার্থী হলে থাকেন না, যার ফলে এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য হলে ভোটকেন্দ্র অস্বস্তিকর এবং অসুবিধাজনক। ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপন করা হলে সব শিক্ষার্থী সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবগত করলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসনের এই নির্লিপ্ততা আমাদের বোধগম্য নয়। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে ভোটকেন্দ্র অবশ্যই সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে।”

অনশনে বসেছেন বাম সংগঠনগুলোর জোট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ, সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ এবং ছাত্র ফেডারেশনের সদস্যসচিব ওয়াজেদ শিশির অভি।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তারা এই গণ-অনশনের ঘোষণা দেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এই অনশন করছেন।

   

About

Popular Links

x