Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চোর সন্দেহে যুবককে উল্টো করে ঝুলিয়ে পিটুনি

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:১৯ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে চোর সন্দেহে এক যুবককে উল্টো করে ঝুলিয়ে পেটানো হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা আকিজ জুটমিল এলাকায় ঘটনাটি ঘটে। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোবরা গ্রামের সালাম সিকদারের ছেলে আহাদ সিকদার (৩০) স্থানীয়ভাবে ‘‘চিহ্নিত চোর’’ ও মাদকসেবী হিসেবে পরিচিত। সম্প্রতি এলাকায় এক মুদি দোকান, এক বাসিন্দার পাট এবং আকিজ জুটমিলের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। এসব চুরির অভিযোগে মঙ্গলবার রাতে আহাদকে ধরে একটি দোকান ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘরের আড়ার সঙ্গে পা ঝুলিয়ে তাকে মারধর করা হয়। পরে তাকে বোয়ালমারী থানায় সোপর্দ করা হয়।

উপজেলা যুবদলের কর্মী কালাম শেখ বলেন, ‘‘আহাদকে চুরির দায়ে লোকজন ধরে এনে মারধর করেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে থানায় নিয়ে যাই, আমি উদ্ধার না করলে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারত।”

তবে চুরির বিষয়টি অস্বীকার করে আহাদ সিকদার জানান, তিনি একজন ইজিবাইকচালক। কালাম ও রবিউলের লোকজন তাকে ধরে এনে আড়ার সঙ্গে দুই পা বেঁধে ঘুরিয়ে ঘুরিয়ে পিটিয়ে চুরির স্বীকারোক্তি আদায় করে। লোহার রড, কাঠ, হাতুড়ি দিয়ে তাকে পেটানো হয়। কালামদের সঙ্গে দল না করায় তারা তাকে ধরে এনে অমানবিকভাবে পিটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘‘আহাদকে চুরির অভিযোগে থানায় নিয়ে আসা হলেও কেউ মামলা করতে রাজি না হওয়ায় তাকে আদালতে পাঠানো হয়। ওইদিনে তিনি জামিনে মুক্তি পান। ঝুলিয়ে মারধরের অভিযোগ আহাদ নিজে বা অন্য কেউ কিছু বলেননি।”

   

About

Popular Links

x