ঢাকার ধামরাইয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিংকি আক্তার (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদর উদ্দিন (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। তাদের চার বছরের একটি সন্তানও রয়েছে। পারিবারিক কলহের কারণে গত এপ্রিল মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। বুধবার সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে আসেন বদর উদ্দিন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকি আক্তারকে এলোপাথাড়ি কোপান। ঘটনাস্থলেই পিংকি মারা যান। পরে বদর উদ্দিন নিজেও বিষপান করে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় পিংকির সন্তান বাড়িতে ছিল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।



দেশে ৭ মাসে স্বামীর হাতে খুন ১৩৩ নারী