Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রোহিঙ্গা সংকট সমাধানে পথ দেখাবে জাতিসংঘ সম্মেলন, আশা প্রধান উপদেষ্টার

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে আসন্ন জাতিসংঘ সম্মেলন দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে একটি সুস্পষ্ট সমাধানের পথ তৈরি করবে।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত ওই সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক সময়ে আর্থিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ সময় মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজকে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) টম অ্যান্ড্রুজ অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয় বলে শুক্রবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে তিনি ‘আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন।

অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন যে, প্রধান উপদেষ্টার উদ্যোগেই জাতিসংঘ সদরদফতরে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ড. ইউনূসের প্রতি বিশ্ব কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি সংকট সমাধানে বিভিন্ন পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন। তবে হতাশা প্রকাশ করে এই প্রতিবেদক বলেন, রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরি করতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগটি দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে।

তবুও অ্যান্ড্রুজ আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলোর অব্যাহত প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান এনে দিতে পারে এবং এ লক্ষ্যে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যুতে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন অ্যান্ড্রুজ। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।

   

About

Popular Links

x