জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচিসহ সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ঢাকা মহানগরের ৯১টি স্থানে সভা-সমাবেশ করার প্রস্তাব করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ অনুরোধ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, ‘‘রাজনৈতিকসহ অন্যান্য কর্মসূচির কারণে রাস্তা বন্ধ থাকায় গর্ভবতী, মুমূর্ষু রোগী হাসপাতালে যথা সময়ে পৌঁছাতে পারেন না। পরীক্ষার্থী সময় মতো কেন্দ্রে উপস্থিত হতে পারে না। তাই এ অবস্থা থেকে উত্তরণ অত্যন্ত জরুরি। সভা-সমাবেশ করার জন্য কিছু স্থান প্রস্তাব করা হয়েছে। ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন সমাবেশ করার জন্য প্রস্তাবিত ৯১টি স্থান বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁও বিভাগে ১২টি, লালবাগ বিভাগে ১৭টি, ওয়ারী বিভাগে ১৪টি, গুলশান বিভাগে ৮টি, মিরপুর বিভাগে ১১টি, উত্তরা বিভাগে ১০টি ও রমনা বিভাগে চারটি।’’
মতবিনিময় সভায় অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, ‘‘যানজট নিরসনে ডিএমপি নিরলস কাজ করে যাচ্ছে। কেবল পুলিশ নয়, ঢাকা মহানগরীতে ট্র্যাফিক সংক্রান্ত বিষয়ে ২৫টি বিভিন্ন সংস্থা জড়িত। সবাই সম্মিলিত চেষ্টার মাধ্যমে যানজট পরিস্থিতি উন্নত করা সম্ভব।’’



