সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ছোট ছোট বিষয়েও যদি সবাই আইন ও নিয়ম মেনে চলে, তাহলে দেশেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রবেশের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা যদি ছোট ছোট বিষয়েও আইন মেনে চলি, তাহলে দেশে পরিবর্তন আসতে বাধ্য। শৃঙ্খলা ও নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই পরিবর্তন হবে দেশ। এর মাধ্যমে একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”
তিনি আরও বলেন, সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি। এতে কর্মপরিবেশ আরও সুশৃঙ্খল হবে এবং জনসেবার মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সচিবালয়ে উপস্থিত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন, ঊর্ধ্বতন পর্যায় থেকে এ ধরনের বার্তা ও আচরণিক পরিবর্তন শুরু হলে তা দ্রুতই প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়তে পারে। এতে কর্মক্ষেত্রে সমতা, দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মানবোধ আরও সুদৃঢ় হবে।
তাদের মতে, প্রশাসনে নিয়ম ও শৃঙ্খলা মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।



