মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের অভিযানে ৪,০০০ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার উত্তর চৌমহুনায় তল্লাশি চালিয়ে মাদকসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামের ওই যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের একটি দল রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাহমুদ হাসান রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। এসময় ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল ও রাসেলের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ১২,০০০০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানিয়েছেন, রাসেল এবং তার দুই সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্রি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা রাসেল নিজে স্বীকার করেছেন।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল ও তার পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



