রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে মাছ, মাংস ও সবজির দাম বেড়েছে। এতে বাড়তি চাপ পড়ছে সাধারণ ক্রেতাদের উপর।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর রামপুরা, মালিবাগ, আফতাফনগর এবং মহাখালী কাঁচাবাজারে এমন চিত্র দেখা যায়।
রাজধানীর বাজার পরিস্থিতি
সবজির বাজার
প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, শিম ৮০ টাকা, পটল প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, সজিনা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা।
মাছ-মাংসের বাজার
এক মাসের ব্যবধানে সোনালি মুরগির দাম ৮০ টাকা বেড়ে হয়েছে ৪৩০ টাকা আর ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে ১৯০ টাকা। মুরগির পাশাপাশি মাছের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দেখা করা যায়। পাঙ্গাশ মাছ ২০ টাকা বৃদ্ধি পেয়ে তা বিক্রি হচ্ছে ২২০ টাকায়। এ ছাড়া তেলাপিয়া, পাবদা, শোল, টেংড়াসহ সব মাছই কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের দাম এখন নাগালের বাইরে। ৬০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের দাম ২,৫০০ এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছ ২,৮০০ টাকা।
বাড্ডার বাসিন্দা রাসেল আহমেদ বলেন, “৫৫০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছের দাম এখন ১,৩৮০ টাকা। বৈশাখকে ঘিরে ইলিশের দাম একটু বেশি থাকে, কিন্তু এবার দাম আমাদের মতো ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।”
শান্তিনগর বাজারে আসা একজন চাকরিজীবী বলেন, “রমজানেও সোনালি মুরগি ৩৪০ টাকা কেজিতে কিনেছি। কিন্তু ঈদের পরে দাম বেড়েই চলছে। আজ কিনলাম ৪৩০ টাকায়। এছাড়া গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে।”
বিক্রেতারা বলেছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে এবং একইসঙ্গে অনেক সবজির মৌসুম প্রায় শেষ। এজন্য সরবরাহ তুলনামূলক কম হওয়ায় বেশি দামে বিক্রি হচ্চে।



