Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরে দুই গ্যাংয়ের সংঘর্ষে 'অ্যালেক্স ইমন' নিহত

পুলিশ জানায়, নিহত কিশোর গ্যাং দলনেতার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে 

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুইটি কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অ্যালেক্স ইমন গ্রুপের দলনেতা মো. ইমন নিহত হয়েছেন। তিনি 'অ্যালেক্স ইমন' নামে বেশি পরিচিত। 

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী রোডে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের অ্যালেক্স ইমন ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই উভয় গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আশপাশ এলাকায় টহল জোরদার করা হয়।   

অতিরিক্ত উপকমিশনার বলেন, “ঘটনাস্থল থেকে পুলিশ তিন যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র সংঘর্ষে ব্যবহার করা হয়।"

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এসব গ্রুপ ছিনতাই, মাদক কারবার, চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং নিহত ইমনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।   

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

   

About

Popular Links

x