চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগের অভিযানে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিএমপির উপপুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে খুলশী থানাধীন মতিঝরনা এলাকার ৩ নম্বর গলির কাছে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে মিনহাজ উদ্দিন রাহিম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক আসামি আমির হোসেনকে সঙ্গে নিয়ে ডবলমুরিং থানায় প্রবেশ করে একটি বিদেশি পিস্তল লুট করেন। পরে মিনহাজ ওই পিস্তলটি ৫০ হাজার টাকায় আমির হোসেনের কাছে বিক্রি করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার এলাকার আমির হোসেনের বাসায় অভিযান চালানো হয়। এর আগেই আমির হোসেন বাসা থেকে পালিয়ে যান। তার বাসা থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যা ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে শনাক্ত করা হয়েছে।
পলাতক আমির হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০১২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন।



