Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধামরাইয়ে পুলিশের ওপর হামলা, যুবদল নেতাসহ গ্রেফতার ২

 বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় একটি মামলা করা হয়

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়। একদিন আগে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তাররা হলেন, সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তারা দুজনই ধামরাইয়ের পাঠানটোলা এলাকার বাসিন্দা। নাইম ইসলাম ধামরাই উপজেলা যুবদলের সদস্য।

মামলার অন্য আসামিরা হলেন, আনিকা রায়হান সুচনা (২৯), রায়হানসহ (২৪) অজ্ঞাত ১০-১৫ জন।  জানা গেছে, এদের প্রত্যেকেই মামলার প্রধান আসামি প্রান্ত’র স্বজন।

অন্যদিকে, আহত পুলিশ সদস্যরা হলেন, মো. আইয়ুব আলী ও শামীম আল মামুন, মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ।

পুলিশ জানায়, গতকাল বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় একটি মামলা করা হয়। ওই মামলার দুই আসামি সৈয়দ ইউসুফ আলী প্রান্ত ও তার স্ত্রী আনিকা রায়হান সুচনাকে গ্রেফতারে বিকেল ৩টার দিকে অভিযানে যায় থানা পুলিশ। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রসহ হুমকি দেয় ও তাদের বাধা দেয়। 

একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে তাদের জখম করে। এতে পুলিশ সদস্য আইয়ুব আলী ও শামীম আল মামুন আহত হন। পরে খবর পেয়ে আরও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্য মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ আহত হন। একপর্যায়ে দুইজন আসামিকে গ্রেফতার করে থানার দিকে রওনা হলে আসামিদের সহযোগীরা পুলিশের পিকআপের গতিরোধ করে। তারা পুলিশ সদস্য মো. আইয়ুব আলীর পোশাক ছিঁড়ে ফেলে। আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।”

 

   

About

Popular Links

x