মাদারীপুরে ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় কয়েক কোটি টাকা লুট এবং একজন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) ভোরের দিকে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে।
পাশের আরও পাঁচটি দোকানে লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় ডাকাত চক্র। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেছেন, "খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"



