Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেকনাফের পাহাড়ে পাওয়া গেল রক্তাক্ত ৩ লাশ

টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানবপাচার চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও গুরুতর আহত অবস্থায় অপর দুই জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

নিহতরা হলেন- মুজিবুর রহমান, নুর বশর ও রবিউল আউয়াল।  এদের প্রত্যেকেই বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কাঠুরিয়া জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ে বেশ কয়েকজনকে জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে। মাঝে মধ্যে চিৎকার-চেঁচামেচির শব্দও শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে জিম্মিদের সঙ্গে জড়িতদের মধ্যে সংঘর্ষের জেরেই এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। তাদের ভয়ে ওই এলাকার অন্তত পাঁচ হাজার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় এলাকাটিতে চরম উদ্বেগ বিরাজ করছে। 

নিহত রবিউল আউয়ালের পিতা রুহুল আমিন বলেন, “রাতে মুজিব আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। সকালে পাহাড়ে লাশ পড়ে থাকার খবর পেয়ে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পাই। কী কারণে এমন হয়েছে, বুঝতে পারছি না।”

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। 

“নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।”

 

   

About

Popular Links

x