বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্ করে তেজগাঁও থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুনর্বিবেচনার আবেদন শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে, বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই সময় ১ মাস ১৬ দিনের সন্তান কোলে নিয়ে আদালত চত্বরে শিল্পী বেগমের কান্নার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বিকেলে প্রথম দফায় শুনানির পর আদালত জামিন নামঞ্জুর করলে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি দ্রুত জামিন পুনর্বিবেচনার আবেদন করেন। দ্বিতীয় দফায় শুনানি শেষে সিএমএম আদালত মানবিক দিক বিবেচনা করে ৫,০০০ টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চানখাঁরপুল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ২৩ জুলাই শিল্পী বেগমের নির্দেশনায় একদল সশস্ত্র ব্যক্তি ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালায়। হামলায় আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি শিক্ষার্থীর বাবা সোহেল রানাকে হত্যার উদ্দেশ্যে মারধর এবং বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।



দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে