Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপজেলা পরিষদে এমপিদের জন্য একটি কক্ষ বরাদ্দ

এমপিদের নামে কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এটির নাম হবে ‘পরিদর্শন কক্ষ’

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

সংসদ সদস্যদের জন্য দেশের উপজেলা পরিষদগুলোতে এখন থেকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি কক্ষ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মুরাদ।

বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এই কক্ষটির নাম হবে “পরিদর্শন কক্ষ”।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে থেকে ফ্লোর নিয়ে সংসদ সদস্যদের এ সুসংবাদ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মুরাদ।

তিনি বলেন, “স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে ইতিমধ্যে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর জারি করা হয়েছে।”

শাহে আলম মুরাদ আরও বলেন, “কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তবে প্রতিটি উপজেলাতেই তার জন্য এমন অফিস বা পরিদর্শন কক্ষের ব্যবস্থা থাকবে।”

প্রতিমন্ত্রী জানান, উপজেলা পরিষদের নতুন বা পুরাতন ভবনে যেখানে যে অবস্থা আছে, সেখানেই সংলগ্ন বাথরুম ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ সংসদ সদস্যদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করে দেওয়া হবে। বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দের সুযোগ না থাকায় এই কক্ষটির নাম হবে “পরিদর্শন কক্ষ”। এখানে বসে এমপিরা তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখাসাক্ষাৎ ও কথা বলার সুযোগ পাবেন।

এই উদ্যোগ বাস্তবায়নে বিশেষ নির্দেশনা দেওয়ার জন্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানান।

   

About

Popular Links

x