Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাপ্তাইয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

স্থানীয় যুবক ইমরান প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগকে খবর দেন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আহতাবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার এক নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকায় আহতাবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। 

ওয়াইল্ডলাইফ স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর রেস্কিউয়ার টিমের সদস্য ও উপজেলার কলা বাগান এলাকার স্থানীয় যুবক ইমরান হোসেন ইমন প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। পরে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা বুধবার রাত সাড়ে ১০টার দিকে এসে প্রাণীটিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।   

ইমরান হোসেন ইমন জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলাবাগান এলাকায় লজ্জাবতী বানরটিকে বৈদ্যুতিক তারে আহতাবস্থায় দেখতে পাই। সেখান থেকে এই বানরটিকে উদ্ধার করা হয়। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে আহত অবস্থায় প্রাণীটিকে নিয়ে যান।  

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি বাসসকে বলেছেন, "কাপ্তাই উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা ইমরান হোসেন ইমন এর কাছ থেকে আমরা বনবিভাগের একটি টিম বুধবার রাতে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে গিয়ে গতরাতেই বন বিভাগের কর্মকর্তাদের কাছে বানরটি হস্তান্তর করা হয়েছে।"   

তার মতে, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি বেঙ্গল স্লো লরিস প্রজাতির। সমগ্র রাঙামাটি জেলায় হাতে গোনা চার থেকে পাঁচটি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।

   

About

Popular Links

x