বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। ১২ এপিবিএনের অধিনায়ক মো. ইকবালকে ৫ এপিবিএনের অধিনায়ক এবং হাইওয়ে পুলিশের এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক করা হয়েছে। ১৩ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
র্যাবের দুই পরিচালক মো. খালিদুল হক হাওলাদার ও মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপির উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।
সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পাঠানো হয়েছে। পাশাপাশি এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।
জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক কাজের গতিশীলতা নিশ্চিত করতে এবং নিয়মিত রুটিন কাজের অংশ হিসেবেই এই বদলি করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।



