Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাসহ দুজনকে কুপিয়ে জখম, অস্ত্র ছিনতাই

এ ঘটনায় আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে

আপডেট : ০১ মে ২০২৬, ০২:২৩ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের কর্মকর্তাসহ দুজনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা পুলিশের একটি অস্ত্র (শটগান) ছিনিয়ে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) দিবাগত রাতে বন্দর থানাধীন পুরান বন্দর চৌধুরী বাড়ির হাবিব নগর এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী।

আহত দুইজন হলেন - মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন। তাদের মধ্যে কনস্টেবল ফয়সাল হোসেন অবস্থা গুরুতর হাওয়ায় তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল দিবাগত রাতে বন্দরের মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকায় দায়িত্ব পালন করছিলেন এএসআই সোহেল রানা। এসময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহরিয়ার তানভীর (২৯), আবু সুফিয়ান ওরফে চমক (২৯) তাদের মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় বন্দর থানায় অভিযোগ করলে থানার ডিউটি অফিসার বিষয়টি মোবাইলে ফোনে এএসআই সোহেল রানাকে অবহিত করেন।

পরবর্তীতে এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযোগকারীদের সঙ্গে নিয়ে প্রাথমিক তদন্ত করতে বন্দর থানাধীন পুরান বন্দর চৌধুরী বাড়ির হাবিব নগর রোডে জনৈক গুলু মিয়ার বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ১৪-১৫ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে কনস্টেবল ফয়সাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ডান হাতের দুইটি আঙ্গুল এবং পেটে নাভির নিচে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় তার কাছে থাকা শটগান ছিনিয়ে নেয়। আর এএসআই সোহেল রানার ডান পায়ে হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কনস্টেবল ফয়সাল হোসেনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয় ।

পরবর্তীতে বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান পরিচালনা করে শুক্রবার ভোরে বন্দর চৌধুরী বাড়ির গুলু মিয়া বাড়ির ভাড়াটিয়া সোহানের টিন সেড ঘরের পিছন থেকে ছিনতাই হওয়া শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী বলেন, “এ ঘটনায়  সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান এখন অব্যাহত রয়েছে।”

   

About

Popular Links

x