জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। বর্তমানে তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এই শিক্ষাবিদ এনসিপির ‘প্রগতিশীল ও সংস্কারমুখী’ রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (০১ মে) এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাদিমুর রহমানের যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, ড. নাদিমুর নিজে থেকেই দলের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা তাকে স্বাগত জানিয়েছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন।”
একই প্রতিধ্বনি শোনা গেছে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের কণ্ঠেও। তিনি বলেন, “নাদিমুর রহমান এনসিপিতে যোগ দেবেন। শুধু তিনিই নন, সারা দেশ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে যাচ্ছেন।”
রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও ড. নাদিমুর রহমান দীর্ঘকাল ধরে নিজেকে একজন প্রগতিশীল ও সংস্কারপন্থী চিন্তাবিদ হিসেবে পরিচিত করেছেন। জামায়াতে ইসলামীর বিভিন্ন নীতিমালার সঙ্গে ভিন্নমত পোষণ এবং দলের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়ে তিনি এর আগে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই তিনি এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলির’ প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছিলেন।
নিজের সিদ্ধান্তের বিষয়ে তুরস্ক থেকে গণমাধ্যমকে ড. নাদিমুর রহমান বলেন, “এনসিপি মূলত তরুণদের শক্তি। তাদের অনেক গঠনমূলক কাজ আমাকে আকৃষ্ট করেছে এবং আমার কাছে এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় দল বলে মনে হয়েছে। দলটির নেতাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। বর্তমানে দেশের বাইরে থাকলেও আমি সেখান থেকেই কাজ শুরু করছি। খুব শীঘ্রই দেশে ফিরে একটি আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে আমি সবার সঙ্গে যুক্ত হব।”



