চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় অবস্থিত 'ইসমাইল আয়রন মার্ট' নামক দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আরমান হোসেন (৩০)। তিনি পণ্যবাহী 'নসিমন' যান চালক ছিলেন। নিহতের বাড়ি নোয়াখালী জেলায়। তবে তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতরা হলেন, দোকানের মালিক কামাল হোসেন এবং কর্মচারী হেলাল।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আরমান একটি নসিমন নিয়ে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত স্ক্র্যাপ সংগ্রহ করে ভাঙারি দোকানে বিক্রি করতেন। তিনি পাঁচটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে আজ বেলা আড়াইটার দিকে তা কুমিরা এলাকার স্ক্র্যাপের দোকানটিতে বিক্রি করতে আসেন। তার নসিমন থেকে প্রতিটি সিলিন্ডার আলাদা করে নিচে নামানো হচ্ছিল। এর মধ্যে একটি সিলিন্ডার নসিমন থেকে নিচে ফেলতেই বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় আরমানের। বিস্ফোরণে ধাতব বস্তুর আঘাতে পাশে থাকা দুজন আহত হন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আরমান নামের একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।“



