রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার শনিবার রাতে জানান, প্রশাসনিক কারণেই ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো মিরপুর মডেল থানায় নতুন কোনো ওসি নিয়োগ দেওয়া হয়নি।
এর আগে, ২৬ এপ্রিল সামসাদ আরা সাথী নামে এক নারী ওসি গোলাম আজমের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনেন। তিনি দাবি করেন, তার মালিকানাধীন একটি মার্কেটের দখল উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে থানার দুই এসআইয়ের মাধ্যমে দুই দফায় ওই অর্থ নেওয়া হয়।
ভুক্তভোগী সামসাদ আরা সাথী অভিযোগ করেন, টাকা নেওয়ার পরও প্রতিশ্রুত কাজটি করা হয়নি। বরং দখলদারদের হাতে তিনি হামলার শিকার হন এবং পরবর্তীতে আরও অর্থ দাবি করা হয়। এ পরিস্থিতিতে তিনি ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
তবে অভিযোগের সঙ্গে ওসির প্রত্যাহারের কোনো সম্পর্ক রয়েছে কি না এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি উপকমিশনার মোস্তাক সরকার। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
এদিকে, সামসাদ আরা সাথী জানান, ওসির প্রত্যাহারের খবর তিনি শুনেছেন, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এখনো কিছু জানানো হয়নি।



