Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বস্তির মধ্যে বিলাসবহুল এসি রুম ও সুড়ঙ্গপথ, গ্রেপ্তার ৩৭

মাদক সাম্রাজ্য হিসেবে পরিচিত হাজী মাজার বস্তিতে এক বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ

আপডেট : ০৪ মে ২০২৬, ০৪:৪৪ পিএম

গাজীপুরের টঙ্গীর মাদক সাম্রাজ্য হিসেবে পরিচিত হাজী মাজার বস্তিতে এক বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে ৩১ জন মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

অভিযানের সময় পুলিশ বস্তির ভেতরে একটি সুসজ্জিত ও শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কক্ষের সন্ধান পায়। সাধারণ বস্তির ঝুপড়ি ঘরের আড়ালে এমন বিলাসবহুল কক্ষ দেখে খোদ পুলিশ কর্মকর্তারাও বিস্মিত হন। কক্ষটিতে মাদক সেবনের আধুনিক সব সরঞ্জাম পাওয়া গেছে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, কক্ষটির ভেতর একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ খুঁজে পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেলে এই পথ দিয়েই মাদক সম্রাট ও সেবনকারীরা পালিয়ে যেত।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, মাজার বস্তিতে মাদক নির্মূলে ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হচ্ছে। গত রাতে পরিচালিত অভিযানে ৩১ জনকে সরাসরি মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, “মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধে ৩১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

অভিযানের নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, “টঙ্গী এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাজার বস্তির ভেতরে মাদক সেবনকারীদের জন্য এমন ‘ভিআইপি’ ব্যবস্থার কথা তারা আগে কখনও শোনেননি। এই অভিযানের পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও মাদক নির্মূলে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

   

About

Popular Links

x