নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় র্যাব-১১ এর সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত র্যাব সদস্যরা হলেন - ইব্রাহিম, মাহী ও নাজিবুল। তাদের মধ্যে নজিবুল গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এবং অপর দুজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, “তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে র্যাব-১১ এর পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় গিয়ে মাদকসহ নানা তথ্য সংগ্রহ করেন। এসময় এক দল সন্ত্রাসী র্যাব সদস্যদের ধারালো অস্ত্রসহ ধাওয়া দেয় ও তিনজন সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. হাসিনুজ্জামান বলেন, “র্যাবের কয়েকজন সদস্য গোপনে মাদকের বিষয়ে তথ্য সংগ্রহ করছিল। তথ্য সংগ্রহের সময়ে তারা সিভিল ড্রেসে ছিল। এদিকে তাদের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় ও কুপিয়ে আহত করে। আহত র্যাব সদস্যদের মধ্যে অনেকের মাথায় আঘাত লেগেছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। আর অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “হামলায় তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জে চিকিৎসা দেওয়া হচ্ছে।”



