নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।
নিহত অতিথি রানি দাশ (১৩) ওই এলাকার গোপাল চন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার রাতে বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় অতিথি। এসময় সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
ওসি মো. নুরুল হাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



