Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিকট শব্দ শুনে বাসায় গিয়ে দেখলেন, ঝলসে গেছে বাবাসহ তিন ছেলে 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে

আপডেট : ১১ মে ২০২৬, ০১:০৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় হঠাৎ বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দগ্ধরা হলেন, পেশায় অটোরিকশা চালক আব্দুল কাদের (৫০), তার ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব(১৬) । স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন আব্দুল কাদের।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. ফারুক বলেন, “সকাল ৬টার দিকে বিকট শব্দ শুনে ওই বাসায় গিয়ে দেখতে পাই দগ্ধ অবস্থায় বাবাসহ ৩ ছেলে ঝলসে গেছে। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসার পর চিকিৎসকরা তাদেরকে ভর্তি করেন।”

তিনি আরও বলেন, “সকালে আব্দুল কাদেরের স্ত্রী ঘরের বাইরে ড্রামে পানি ভরছিলেন। এ কারণে তার কোনও ক্ষতি হয়নি। ওই সময় ঘরেই ছিলেন আব্দুল কাদের ও তার তিন ছেলে, ফলে তারা দগ্ধ হয়েছে। তবে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ নাকি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত নই। যদিও ফ্রিজটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্তের পর নিশ্চিত করে বিস্তারিত বলা সম্ভব হবে।”

   

About

Popular Links

x