Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লিভার ডোনার হয়ে কারিনা কায়সারের পাশে দুই ভাই

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কারিনার বাবা কায়সার হামিদ

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:১৯ পিএম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কারিনার বাবা কায়সার হামিদ। তিনি জানান, মেয়ের সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ।

মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ লেখেন, “গত রাতে উন্নত চিকিৎসার জন্য জেট এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন।”

তিনি আরও জানান, আপাতত তিনি দেশে অবস্থান করছেন। কারণ, এখনও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। একই সঙ্গে ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করতেও সময় লাগছে। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গেই আছেন।

এর আগে সোমবার দুপুরে ভারতের ভিসা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন কায়সার হামিদ। তিনি বলেন, “হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে, পাশাপাশি একটি জমির বায়নাও করা হচ্ছে।“

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খারাপ ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে লিভার ফেইলিউরের কারণে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

   

About

Popular Links

x