টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে এক গৃহবধূ এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে একজন পুত্র এবং তিনজন কন্যা সন্তান। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
বুধবার (১৩ মে) কুমুদিনী হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশীল গ্রামের বাসিন্দা হায়দার আলীর স্ত্রী বিথি বেগম প্রসব ব্যথা নিয়ে কয়েক দিন আগে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। হায়দার আলী ওই গ্রামের কাশেম মিয়ার ছেলে। চিকিৎসকরা প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল না হওয়ায় মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের (সিজার) সিদ্ধান্ত নেওয়া হয়। সফল অস্ত্রোপচার শেষে বিথি বেগম চার সন্তানের জন্ম দেন।
জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিন জন মেয়ে এবং এক জন ছেলে। বর্তমানে মা সুস্থ থাকলেও নিরাপত্তার খাতিরে এবং নবজাতকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তাদের হাসপাতালের এনআইসিইউ-তে (নবজাতক নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক অনিমেষ ভৌমিক লিটন জানান, মা ও চার সন্তানই এখন পর্যন্ত আশঙ্কামুক্ত। নবজাতকদের সুস্থ রাখার জন্য হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক সঙ্গে চার সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা হাসপাতাল চত্বরে ভিড় করেন।



