Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরার হিমসাগর আম এখন বাজারে

জেলার আমচাষীরা গাছ থেকে হিমসাগর আম সংগ্রহ শুরু করেছেন

আপডেট : ১৫ মে ২০২৬, ০৬:৫৯ পিএম

আম ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে বাজারে পাওয়া যাচ্ছে সাতক্ষীরার জনপ্রিয় হিমসাগর আম। জেলার আমচাষীরা এদিন গাছ থেকে হিমসাগর আম সংগ্রহ শুরু করেছেন।

শুক্রবার (১৫ মে) সকাল থেকে জেলার বাগানগুলোতে এই সুস্বাদু আম সংগ্রহের উৎসবে মেতেছেন চাষিরা। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মণ হিমসাগর আম পাইকারি দরে ২,৩০০ থেকে ২,৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, শহরের কুকরালী এলাকার আমচাষী হাফিজুল ইসলাম খোকার বাগান থেকে ইংল্যান্ড ও ইতালিতে যাচ্ছে হিমসাগর আম। তিনি জানান, আজ তার বাগান থেকে চার টন হিমসাগর আম বিদেশে রপ্তানি হচ্ছে। তিনি প্রতি মণ আম ৩,০০০ টাকায় বিক্রি হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, “হিমসাগর আম এখন পরিপক্ব হওয়ায় আজ থেকে চাষীরা তা বাজারজাত করতে পারবেন। আগামী ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম বাজারজাত করা যাবে।”

তিনি আরও জানান, “এর আগে ৫ মে গোবিন্দভোগ ও গোপালভোগ আম সংগ্রহের মাধ্যমে জেলার আম বাজারজাত কার্যক্রম শুরু হয়। এ বছর জেলায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে।”

বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর আমের দাম কিছুটা কম। বাজারে আমের সরবরাহ বেশি হলেও ক্রেতা তুলনামূলক কম।

   

About

Popular Links

x